ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামল সুপারহিরোদের বিশাল মিছিল

ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র আন্দোলনে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে। জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় ও শিক্ষা খাতে সরকারি বরাদ্দ কমিয়ে ফেলার প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে রাজপথে নেমেছেন লাখ লাখ মানুষ। এই আন্দোলনের উত্তাল পরিস্থিতির মধ্যে এবার আলোচনায় উঠে এসেছেন সুপারহিরোর পোশাক পরা একদল বিক্ষোভকারী। ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, সুপারম্যান থেকে শুরু করে ডেডপুলের মতো জনপ্রিয় চরিত্রগুলোর বেশে তাদের রাস্তায় নামতে দেখা গেছে। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিশ্বজুড়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি করে।
বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, সুপারহিরোর সাজে সজ্জিত ব্যক্তিরা পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের তোয়াক্কা না করেই নিজেদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করছেন। প্যারিসের একটি বিক্ষোভস্থলে ব্ল্যাক প্যান্থার ও ক্যাপ্টেন আমেরিকার পোশাকে দুজনকে নানা শারীরিক কসরত দেখাতে দেখা গেছে, যা মার্ভেল সিনেমার দৃশ্যকেও হার মানায়। তাদের চারপাশে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ছবি তুলতে ও স্লোগান দিতে থাকেন, যা আন্দোলনকারীদের মনোবল চাঙা করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এ সময় নিরাপত্তাকর্মীরা ব্যারিকেড তৈরি করে এলাকাটি ঘিরে রেখেছিলেন। এর আগেও নেপোলিয়ন বোনাপার্ট ও ব্যাটম্যানের বেশে বিক্ষোভকারীদের অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল।
পুলিশের অ্যাকশন থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বিক্ষোভকারীদের সতর্ক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। বড় একটি অংশই মাস্ক, গগলস ও হেলমেট পরে মাঠে নেমেছেন, যাতে পুলিশের লাঠিচার্জ বা কাঁদানে গ্যাসের শেল সরাসরি শরীরে আঘাত না করতে পারে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। চলমান এই সহিংস বিক্ষোভে প্রায় চার লাখ মানুষ অংশ নিয়েছেন এবং এ পর্যন্ত প্রায় এক হাজার জনকে আটক করা হয়েছে।
ফ্রান্সের এই বিক্ষোভ কেবল একটি দেশে সীমাবদ্ধ নেই। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের জেরে ইতালি, আলবেনিয়া, স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের অন্যান্য দেশেও মানুষ রাজপথে নেমে এসেছেন। বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব বিক্ষোভ ও সরকারের বিরুদ্ধে জনরোষ ইউরোপীয় রাজনীতিতে নতুন অস্থিরতার বার্তা দিচ্ছে।