স্বরাষ্ট্রমন্ত্রী -: ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স


  প্রকাশিত হয়েছেঃ   ২৭ অক্টোবর ২০২৬, ৭:৫২ পিএম

ক্রসফায়ারের মতো স্পর্শকাতর বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যকে ‘অসতর্কতাবশত’ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ক্রসফায়ারের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি একজন সহজ-সরল মানুষ এবং আইনের কঠোর প্রয়োগের বিষয়টি বোঝাতে গিয়ে তিনি অসতর্কতাবশত ওই মন্তব্য করে ফেলেছেন। এটি মোটেও কাম্য ছিল না।

উল্লেখ্য যে, সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে। তিনি সে সময় দাবি করেছিলেন, পুলিশ কঠোর হলে একপক্ষ ফ্যাসিস্ট বলে আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে সমালোচনা করে, তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে কাজের পরিবেশ দেওয়া প্রয়োজন। এই বক্তব্যের প্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী আজ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলার উন্নয়ন করা। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ক্রসফায়ারে মৃত্যু বা পুলিশি হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। অপরাধ দমনে সরকার আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।