মক্কা-মদিনা অভিমুখে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি আরব

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ দেশটির বিভিন্ন এলাকায় গিয়ে পড়ে। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-কে সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ মক্কার ওয়াদি আল-মাগমাস এলাকায় পড়ে। এ ছাড়া জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাসতুরাহ সেন্টারে ধ্বংসাবশেষ পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হুতি বিদ্রোহীরা মক্কা ও মদিনার মতো পবিত্র শহরকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে।
অতীতেও একাধিক হামলার অভিযোগ
ইসলামের পবিত্র স্থানগুলোর কাছাকাছি এলাকায় হুতিদের আক্রমণের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে ১লা অক্টোবর সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, হুতিরা তার দুই দিন আগে মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালায়। তদন্ত ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে এই পরিকল্পনা বাস্তবায়নে হুতিদের সম্পৃক্ততা পাওয়ার দাবি করে জোট। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রটির সংযোগ ব্যবস্থা সচল ছিল। তবে এই ইস্যুতে হুতিরা তৎকালীন সময়ে মন্তব্য করেনি।
তাছাড়া ২৪ সেপ্টেম্বর মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করার কথা জানায় সৌদি আরব। জোটের মতে, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে এটি ছিল হুতিদের দ্বিতীয় প্রচেষ্টা। হুতিরা যথারীতি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ঘটনার দিন মক্কা, ইয়ানবু, তায়েফ, জেদ্দা ও তাবুকে সতর্কবার্তা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।