হেলপার চালাচ্ছিলেন বাস, আমতলীতে উল্টে আহত ২৯

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা বাজার এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ২৯ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাসটি উল্টে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে থামে। গুরুতর আহত তিন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আমতলী ও কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অনেকের হাত-পা ভেঙে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে আমতলী ও কলাপাড়া হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয়দের অভিযোগ, মূল চালক ঘুমে থাকায় সেই সময় হেলপার বাসটি চালাচ্ছিলেন। ঢাকা থেকে কুয়াকাটাগামী ওই বাসের চালক ও হেলপার দুজনেই দুর্ঘটনার পর থেকে পলাতক। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানিয়েছেন, বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে বান্দ্রা মোড়ে প্রয়োজনীয় সিগন্যাল বাতি ও গতিরোধক না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কটিকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে দ্রুত চার লেন সড়ক নির্মাণের দাবি তুলেছেন।