সাজেকে অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের সংঘর্ষ


  প্রকাশিত হয়েছেঃ   ২২ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পিএম

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বাঘাইহাট উজোবাজার এলাকায় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, সকালের দিকে নিরাপত্তা বাহিনীর পাহারায় পর্যটকদের বহনকারী গাড়িবহর সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হলে অবরোধকারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বাঘাইহাট উজোবাজার এলাকায় অবরোধকারীরা পর্যটকদের গাড়ি আটকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেন।

এ সময় অবরোধকারীদের মধ্য থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং এক পর্যায়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তাৎক্ষণিকভাবে এই সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া স্থানীয়দের দেওয়া তথ্যমতে, সাজেকের বিভিন্ন দুর্গম এলাকায় পৃথক দুটি সশস্ত্র গ্রুপের মধ্যেও দফায় দফায় গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনী পালটা গুলি চালাতে বাধ্য হয়। বেশ কয়েক রাউন্ড উভয়ের মধ্যে গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।

অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে এই উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে দেওয়াসহ তিন দফা দাবিতে এই অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয়। গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে অবরোধ ডাকা হলেও প্রশাসনের আশ্বাসে এবং দুর্গাপূজার কারণে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। দাবি পূরণে কোনো অগ্রগতি না হওয়ায় বৃহস্পতিবার থেকে তারা পুনরায় কঠোর কর্মসূচি শুরু করে। জানা যায়, অবরোধের জেরে সাজেক ভ্যালিতে প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন, যাদের পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়।

উদ্ভুত নিরাপত্তার অবনতির প্রেক্ষাপটে রাঙামাটি জেলা প্রশাসন এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পর্যটকদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে সাজেক এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পর্যটকদের ওই এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে অবরোধকারীরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করায় যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছিল, যা পরে আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক করে।