সংসদের আগামী অধিবেশনেই পাস হচ্ছে সৌরবিদ্যুৎ আইন: ইকবাল হাসান মাহমুদ

দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে এবং এ লক্ষ্য বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইন পাস করা হবে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। তিনি জানান, স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে ইতোমধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সরবরাহ সহনীয় পর্যায়ে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাগরিকদের ওপর জ্বালানি খরচের চাপ কমাতে প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি নির্বাচিত সরকারের মূল দায়িত্ব নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, আর সরকার এই লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
গ্যাস ও জ্বালানি সরবরাহের ঘাটতি মেটাতে আরও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বাস্তব চাহিদা বিবেচনা করে নতুন টার্মিনাল নির্মাণ করা হবে। এগুলো জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করা হয়েছে, যা বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ তৈরি করবে। স্থানীয় পর্যায়ে এই সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডারকে তালিকাভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।
বাজারে সৌরবিদ্যুৎ পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী জোর দিয়ে বলেন, সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত সচেতন ও সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় এই খাতে বিশেষ নজরদারি রাখা হবে। সব ধরনের উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে এবং নাগরিক জীবন স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ করছে।