জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু


  প্রকাশিত হয়েছেঃ   ৩ নভেম্বর ২০২৬, ২:৩১ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় গোলাম রাব্বানী শেখ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য কাঁঠালপাতা পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।

নিহতের ভাই আব্দুস সালাম জানান, ঘটনার দিন সকালে বাড়ির পাশে একটি কাঁঠালগাছে ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে ওঠেন রাব্বানী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত আছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।