নাহিদ ইসলাম |: বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন

রাজনীতির নিয়ন্ত্রণ বর্তমানে বিশেষ কিছু গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় সারাদেশে বিএনপি ও ছাত্রদলের দুঃসময়ের বহু নেতাকর্মী ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
পোস্টে নাহিদ ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা এবং পুরোনো ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো অব্যাহত থাকার সমালোচনা করেন। তিনি বলেন, এই ধারা বজায় থাকলে সবাইকে এর মাশুল দিতে হবে। নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের ঘটনাকে তিনি এর জ্বলন্ত উদাহরণ হিসেবে উল্লেখ করেন। ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও শাকিল নিজের নিরাপত্তা পাননি বলে মন্তব্য করেন তিনি।
শাকিল ইসলামের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়েছিল এবং তিনি টানা ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। কিন্তু এই দীর্ঘ সময়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ মৃত্যুর পর তড়িঘড়ি করে এমপি-পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এ দায় এমপি কীভাবে এড়িয়ে যাবেন, সেই প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের ধারণা পুরোনো কাঠামো তাদের সুরক্ষা দেবে। কিন্তু ইতিহাস বলে, এই ব্যবস্থা কাউকে রেহাই দেয় না। তিনি এমন এক রাষ্ট্রব্যবস্থার দাবি জানান যেখানে প্রতিটি মানুষ নিরাপদ থাকবে এবং নাগরিক অধিকার ভোগ করতে পারবে। তার ভাষায়, রাষ্ট্র গুটিকয়েক লোকের হাতে বন্দি থাকা উচিত নয়। নেতারা কর্মীদের ভৃত্য মনে করে যেন তাদের লাশের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ না করেন, এমন কঠোর বার্তাও দিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিদেশফেরত এমপি-মন্ত্রীদের স্বজনদের কাছে মাঠ পর্যায়ের কর্মীদের ত্যাগের কোনো মূল্য নেই। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি দলনিরপেক্ষ আইনশৃঙ্খলা বাহিনী এবং একটি স্বাধীন বিচারব্যবস্থা গঠনের ওপর জোর দিয়েছেন। শাকিল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করার পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।