নিখোঁজ হওয়ার পর তুরাগ নদে মিলল তাহসিফ সৌরির নিথর দেহ


  প্রকাশিত হয়েছেঃ   ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম

রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বর্তমানে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, বুধবার বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির লাশ উদ্ধার করে। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। গত ২৭ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। এই ঘটনায় নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশ ছাড়ার ভিডিও ধারণ ও প্রকাশ করার ঘটনার সঙ্গে তাহসিফ সৌরি সম্পৃক্ত ছিলেন। এই বিষয়টি বর্তমানে বেশ আলোচিত হচ্ছে।

মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। এছাড়া উত্তরখান থানা কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।