দায়িত্ব ছাড়ছেন না হেগসেথ, পেন্টাগনের স্পষ্ট বার্তা


  প্রকাশিত হয়েছেঃ   ৫ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে, তা উড়িয়ে দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালনের বিষয়ে হেগসেথ শতভাগ দৃঢ়প্রতিজ্ঞ।

ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে পারনেল স্পষ্ট করেন যে, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বা কোনো অনিয়ম ছাড়াই ভুয়া তদন্তের মাধ্যমে চাপ প্রয়োগ করলেও প্রতিরক্ষামন্ত্রী পিছু হটবেন না। তিনি কোনো প্রকার ভয় বা হুমকির কাছে মাথানত করবেন না বলেও মুখপাত্র জানান।

মুখপাত্র আরও বলেন, ‘যুদ্ধ মন্ত্রণালয় আইন মেনেই সব কার্যক্রম চালাচ্ছে। আমাদের প্রতিরক্ষামন্ত্রী প্রতিদিন সংবিধান সমুন্নত রাখা, মার্কিন সেনাদের নেতৃত্ব দেওয়া এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার লড়াই চালিয়ে যাচ্ছেন।’ ডেমোক্র্যাটদের হয়রানির হুমকি ও সাজানো তদন্ত সত্ত্বেও ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য থেকে তারা সরবেন না বলে উল্লেখ করেন তিনি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে পদ থেকে সরানো উচিত কি না, তা নিয়ে ট্রাম্প তাঁর উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়।