ইরান যুদ্ধে নতুন অর্থ বরাদ্দ না দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর অবিলম্বে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির সিনেটর ক্রিস ভ্যান হলেন। একই সাথে এই যুদ্ধ চালিয়ে যেতে সরকারি তহবিল কমানো এবং নতুন করে অর্থায়ন বন্ধের ওপর জোর দিয়েছেন তিনি।
‘দ্য লেভার’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান হলেন জানান, আগামী ১১ ডিসেম্বরের পর ইরান যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য অর্থ বরাদ্দের কোনো উদ্যোগকে ডেমোক্র্যাটদের সমর্থন করা উচিত হবে না। গত সেপ্টেম্বরে কংগ্রেসে পাস হওয়া সরকারি তহবিলের মেয়াদী সীমা ওই দিন শেষ হতে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অবৈধ যুদ্ধ এবং আমেরিকান করদাতাদের অর্থ যেন কোনোভাবেই এমন যুদ্ধে ব্যয় না হয়, তা নিশ্চিত করা জরুরি।
অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনে সাফল্য সত্ত্বেও সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা হিসেবে চাক শুমারকে পুনরায় সমর্থন দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাননি ভ্যান হলেন। শুমারকে পদটিতে পুনর্বহালের আগে দলের উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রতিশ্রুতি আদায় করা প্রয়োজন বলে মনে করেন এই সিনেটর।