বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ডলারের মান ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা হ্রাস পাওয়া এবং জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার প্রভাবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মূল্যবান এই ধাতুর দাম গত দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৮ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩০ ডলার ২৭ সেন্টে লেনদেন হয়েছে। দিনের কোনো এক পর্যায়ে তা ৪ হাজার ১৪৬ ডলার ৬৩ সেন্ট পর্যন্ত উঠেছিল, যা গত ২০ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। চলতি সপ্তাহের হিসাব অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম ২৫০ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগে গত শুক্রবার দাম কমে বছরের সর্বনিম্ন ৩ হাজার ৮৬৯ ডলার ৮৫ সেন্টে নেমেছিল। বুধবারের লেনদেনে স্বর্ণের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছিল, যা গত ১৯ আগস্টের পর থেকে একক দিনে সর্বোচ্চ বৃদ্ধি ছিল।
বাজারে এই পরিবর্তনের পেছনে মার্কিন নির্বাচনের পরবর্তী রাজনৈতিক প্রভাব ও বিনিয়োগকারীদের কৌশলগত অবস্থান পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে। স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে হ্যানসেন জানান, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর মূল্যবান ধাতুগুলো বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। তিনি আরও বলেন, জ্বালানির দাম হ্রাস, মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগের উপশম এবং ডলার ও বন্ডের মুনাফা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা জল্পনাভিত্তিক বিক্রির অবস্থান থেকে সরে এসেছেন।
এদিকে জ্বালানি তেলের বাজারেও বড় পরিবর্তন এসেছে। বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমেছে। ইরানে যুদ্ধ বিস্তারের ঝুঁকি কমতে পারে—এমন আশায় তেলের এই দরপতন ঘটে। জ্বালানির দাম কমলে মূল্যস্ফীতির ওপর চাপ কমে এবং উচ্চ সুদের হার বজায় রাখার প্রয়োজনীয়তাও হ্রাস পায়, যা পরোক্ষভাবে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার নির্ধারণের ইঙ্গিত পেতে শুক্রবারের নন-ফার্ম পেরোলস প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন। এছাড়া ব্যাংক অব ইংল্যান্ডের আগামী সভায় গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর মুদ্রানীতির ধারায় নতুন সংযোজন হতে পারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বৃহস্পতিবার বৃদ্ধি পেয়েছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ ডলার ৮০ সেন্ট, প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫১৮ ডলার ৩০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২২ ডলার ৮৯ সেন্টে পৌঁছেছে।