মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো করবে সরকার: প্রধানমন্ত্রী


  প্রকাশিত হয়েছেঃ   ৫ নভেম্বর ২০২৬, ১:০২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি মোংলাকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান। এ ছাড়া মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগে সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের বলেও উল্লেখ করেন।