মালয়েশিয়া থেকে ৪৬ বাংলাদেশিসহ ১৮২ অভিবাসীকে নিজ দেশে ফেরত

মালয়েশিয়ায় অভিবাসন আইন অমান্য করায় আটক বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে মোট ১৮২ জনকে তাদের নিজ ভূখণ্ডে পাঠানো হয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে এই ব্যক্তিদের বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো এই ১৮২ জনের মধ্যে সর্বোচ্চ ৮৫ জন ইন্দোনেশিয়ার নাগরিক। তালিকায় এর পরেই রয়েছেন ৪৫ জন বাংলাদেশি। এছাড়া মিয়ানমারের ২৫ জন, পাকিস্তানের ১৫ জন, ভারত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার ৩ জন করে, শ্রীলঙ্কার ২ জন এবং চীনের একজন নাগরিক রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও ২ ব্যবহার করে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে। যাদের বৈধ পাসপোর্ট ছিল না, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহায়তায় জরুরি ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ সংগ্রহ করা হয়। দেশে ফেরত পাঠানোর আগে প্রত্যেক ব্যক্তির নাম অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে, ফলে নির্ধারিত সময়ের আগে তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এ জন্য কোনো ধরনের সেবামূল্য বা অতিরিক্ত চার্জ নেওয়া হয় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আটক ব্যক্তিদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর করতে পেকান নেনাস ডিটেনশন ডিপোতে একটি বিশেষ সেবাকেন্দ্র খোলা হয়েছে। সেখানে বিমান টিকিট কেনাসহ আনুষঙ্গিক সব কাজ বিনামূল্যে সম্পন্ন করা যায়। এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটের ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে যোগাযোগ কিংবা সংশ্লিষ্ট বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।