পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যেই, কার্যকর জানুয়ারিতে


  প্রকাশিত হয়েছেঃ   ৪ নভেম্বর ২০২৬, ১:৩৮ পিএম

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে। সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে জানানো হয়েছে, নির্ধারিত এই নতুন কাঠামো অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাস থেকেই বেতন কার্যকর করার বিষয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষই একমত পোষণ করেছে।

বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকের পর শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় নিজ নিজ পক্ষের দাবি-দাওয়া লিখিত আকারে জমা দেবেন প্রতিনিধিরা। কারখানা ও উৎপাদন ব্যবস্থা সচল রাখতে শ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, মজুরি নির্ধারণের বিষয়টি নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আশ্বাস দিয়ে জানান, আগের মতো এবার কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা কালক্ষেপণ করা হবে না, বরং দ্রুততম সময়ের মধ্যে মজুরির সুপারিশ চূড়ান্ত করা হবে। একইভাবে মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যে বর্ধিত বেতন কার্যক্রম শেষ করার বিষয়ে নিশ্চয়তা দিয়ে জানান, এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। চলমান শ্রমিক বিক্ষোভের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছিল সরকার।