শ্রমিক আন্দোলনে উসকানি: এনবিআর জব্দ করল ২ শতাধিক ব্যাংক হিসাব


  প্রকাশিত হয়েছেঃ   ৫ নভেম্বর ২০২৬, ৬:৩১ পিএম

তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি, শ্রমিকদের আন্দোলনে উসকানি প্রদান এবং আর্থিক সহায়তার অভিযোগে কঠোর অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট দেশের ১২টি শিল্পগ্রুপ ও সংশ্লিষ্ট সব পরিচালকসহ মোট ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার পাশাপাশি বিস্তারিত লেনদেনের হিসাব চেয়ে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে। এসব অর্থ কোনো নাশকতামূলক বা অস্থিতিশীল কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা, তা নিশ্চিত হতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

জব্দ তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীদের নাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যদের তালিকায় আছেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, এনভয় গ্রুপের আবদুস সালাম মুর্শেদী, সেপাল গ্রুপের টিপু মুনশি, রেনেসাঁ গ্রুপের শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের নসরুল হামিদ এবং ফেবিয়ান গ্রুপের তাজুল ইসলাম।

তালিকায় থাকা ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন টুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের মো. খসরু চৌধুরী ও স্ট্যান্ডার্ড গ্রুপের এ কে এম মোশাররফ হুসাইন। এছাড়াও তালিকায় স্থান পেয়েছেন অ্যাক্সিস নিটওয়্যার্স লিমিটেডের জাহিদ আহমেদ টুলু, গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন লিপা এবং বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি।

ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বিশেষ এই তালিকায় ক্রিকেটার সাকিব আল হাসানের ভগ্নিপতি আলিফ মোল্লার ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছে এনবিআর। নিয়মিত তদারকির অংশ হিসেবে রাজস্ব কর্তৃপক্ষ এখন এসব অ্যাকাউন্টের লেনদেনের খুঁটিনাটি যাচাই-বাছাই করছে।