পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কিছু মহল পোশাকশিল্পে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত করতে বাইরের পক্ষ থেকে উসকানি দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিছু এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা শ্রমিকদের বাস্তব দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। বরং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। তিনি আরও বলেন, শ্রমিকদের যেসব যৌক্তিক দাবি ছিল, তা এরই মধ্যে পূরণ করা হয়েছে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় মালিক ও শ্রমিক উভয় পক্ষই সন্তুষ্ট। শ্রমিকনেতাদের সঙ্গেও আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে, তাই নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো যৌক্তিক কারণ নেই বলে তিনি মনে করেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরুর কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, সেখানে মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষির মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয় এমন সব বিষয় মজুরি বোর্ড বিবেচনায় রাখবে। যারা গার্মেন্টস কারখানা বন্ধ রাখার চেষ্টা করছে কিংবা উৎপাদনে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়া বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার জন্যও সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কিছু দুষ্কৃতিকারী সুযোগ বুঝে কারখানায় হামলার চেষ্টা করতে পারে, যা নিয়ে সরকার সতর্ক রয়েছে। তার অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত কোনো কোনো মহল এই খাতকে অস্থিতিশীল করতে অপতৎপরতা চালাচ্ছে। দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে যারা এমন হীন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি পুনরায় দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেছেন।