আইসিএপিপির অধিবেশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল


  প্রকাশিত হয়েছেঃ   ৪ নভেম্বর ২০২৬, ৯:৩২ পিএম

আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বুধবার চার সদস্যের এই দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির রাজধানী সিউলের উদ্দেশে রওয়ানা হয়।

এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।

দক্ষিণ কোরিয়া সফরকালে প্রতিনিধি দলটি আইসিএপিপির মূল সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি সিউলে অনুষ্ঠিতব্য বেশ কিছু নিজস্ব কর্মসূচিতে অংশ নেবে। আগামী ৭ ও ৮ নভেম্বর সিউলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক ও দাওয়াতি সভায় তাদের অংশগ্রহণের কথা রয়েছে।