বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে শুরু ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬

উৎসবমুখর পরিবেশে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’। বেলা ১১টায় বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের মধ্যে গবেষণামনস্কতা, সামাজিক সচেতনতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পাঠ্যপুস্তকের তত্ত্বকে বাস্তব জীবনে প্রয়োগের একটি বড় সুযোগ। অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে। তোমরাই ভবিষ্যতে আধুনিক ও প্রযুক্তিচালিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। বিজ্ঞানচর্চাকে ছড়িয়ে দেওয়াই এই কার্নিভালের মূল লক্ষ্য।
এবারের আসরে দেশের ১৫০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ৩০০টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। উৎসবের অংশ হিসেবে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রকল্প উপস্থাপন, দেয়াল পত্রিকা, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ ও কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট সাজানো হয়েছে। পাশাপাশি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় শিক্ষার্থীদের জন্য ফোর-ডি (4D) মুভি বাস ও মিউজিয়াম বাসের মাধ্যমে বিশেষ ভ্রাম্যমাণ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যা তাদের হাতে-কলমে শিখতে সহায়তা করছে।
উৎসবের পর্দা নামবে আগামী শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।