৩১ অক্টোবর জামায়াতের কুষ্টিয়া অভিমুখে লংমার্চ, উদ্বোধন বায়তুল মোকাররমে


  প্রকাশিত হয়েছেঃ   ২১ অক্টোবর ২০২৬, ১১:১২ পিএম

আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভায় সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে সকাল ৮টায় যাত্রা শুরু করবে লংমার্চ। মওয়া সড়ক ও পদ্মা সেতু হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাট অতিক্রম করে বহরটি খুলনায় পৌঁছাবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে অংশ নেবে। পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও শিল্পীরা এই লংমার্চে অংশ নেবেন।

যাত্রা পথে একাধিক স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা, সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালী, বেলা সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বর এবং দুপুর ২টায় ফুলতলার স্বাধীনতা চত্বর। এছাড়া বিকেলে যশোরের মুড়লীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা শেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ায় সমাপনী সমাবেশ হবে।

প্রস্তুতি সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শৃঙ্খলা, প্রচার, আইটি ও সাংস্কৃতিক উপ-কমিটির দায়িত্বশীলরাও অংশ নেন।