জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী


  প্রকাশিত হয়েছেঃ   ২২ অক্টোবর ২০২৬, ৭:১৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানা গেছে। সফরকালীন সময়ে টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় ফিরে আসার নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনার প্রেক্ষিতে তিনি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফর সংশ্লিষ্ট যাবতীয় কূটনৈতিক ও সার্বিক বিষয়গুলো সমন্বয় করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। তিনি ইতোমধ্যে জাপানের টোকিওতে অবস্থান করছেন। পররাষ্ট্রের নির্দেশ পেয়ে তিনি তড়িৎ ঢাকায় আসেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত মো. দাউদ আলীর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ পেয়েছে ঢাকা। তবে সুনির্দিষ্টভাবে অভিযোগের প্রকৃতি বা বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এমনকি তাকে ফের টোকিওতে দায়িত্বে পাঠানো হবে কিনা, তা নিয়েও উচ্চ পর্যায়ে পুনর্বিবেচনা চলছে। সাধারণত যেকোনো দেশের সরকারপ্রধানের সফরকালে সংশ্লিষ্ট রাষ্ট্রদূত সবকিছুর দেখভাল করেন, তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঘটলো। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিনি তড়িঘড়ি করে ঢাকায় পৌঁছান। তবে অভিযোগের বিষয়ে খোলাসা করেনি সূত্র।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে টোকিও সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনার এজেন্ডা রয়েছে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে এই পুরো সফর ও বৈঠকের তত্ত্বাবধানে থাকছেন সচিব নজরুল ইসলাম।