বল প্রয়োগে ফ্যাসিবাদী তকমা, না করলে দুর্বলতা: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যখনই বল প্রয়োগ করে, তখন তাদের ‘ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যা দেওয়া হয়। আবার বল প্রয়োগ না করলে সাধারণ মানুষ পুলিশকে ‘দুর্বল’ মনে করে—এমন উভয়সংকটের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৪ অক্টোবর) খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কাজ চলছে। সমাজে মাদক যেভাবে শেকড় গেড়েছে, তা নির্মূল করা এখন বড় চ্যালেঞ্জ। পুলিশ বাহিনীকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে নতুন আইনি কাঠামো তৈরির প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিং পুলিশের একটি আনুষ্ঠানিক শাখা হিসেবে কাজ করবে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কাজ করছে পুলিশ।
বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে সারা দেশে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান আলী হোসেন ফকির। তিনি আরও উল্লেখ করেন, চাঁদাবাজির মতো অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশের নিজস্ব উদ্যোগে মামলা করার আইনি ক্ষমতা দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।